মোটরসাইকেল থেকে পড়ে যাওয়াই কাল হলো ট্রাফিকের!
তিনি ট্রাফিক পুলিশের পরিদর্শক। মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। চালানোর সময় হঠাৎ করেই মোটরসাইকেল নিয়ে সড়কে পড়ে যান তিনি। মোটরসাইকেলে রাখা বাক্স থেকে সড়কে গড়িয়ে পড়ল ৩৯টি ফেনসিডিলের বোতল!
আজ মঙ্গলবার ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় ওই ঘটনা ঘটে।
ফেনসিডিলের বোতলসহ ওই ট্রাফিক পরিদর্শককে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। পরে তাঁকে পুলিশে দেওয়া হয়।
আটক হওয়া ট্রাফিক পরিদর্শকের শেখ আজম। তিনি ঝিনাইদহে কর্মরত বলে জানা যায়। তাঁর বাড়ি নড়াইলের লোহাগড়া থানার পাচুরিয়া গ্রামে।
মধুখালী থানা সূত্রে জানা যায়, ঝিনাইদহ থেকে ফরিদপুর যাচ্ছিলেন শেখ আজম। ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় মোটরসাইকেলটি নিয়ে পড়ে যান তিনি। পরে বাক্স ভেঙে ৩৯ বোতল ফেনসিডিল সড়কের ওপর ছড়িয়ে পড়ে। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করে মধুখালী থানা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাঁর মোটরসাইকেল তল্লাশি করে ট্যাংকের ভেতরে বিশেষ কৌশলে রাখা অবস্থায় আরো ৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এ ব্যাপারে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, আটক আজম নিজেকে ট্রাফিক পুলিশের পরিদর্শক হিসেবে ঝিনাইদহে কর্মরত আছে বলেন জানান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সঞ্জিব দাস, ফরিদপুর