কলাবাগানে তরুণীর লাশ, পরিচয় মেলেনি
ফরিদপুর শহরের মাহমুদপুর এলাকা থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শহরতলির মাহমুদপুর পশ্চিমপাড়া এলাকার একটি কলাবাগান থেকে আনুমানিক ২৫ বছর বয়সী ওই তরুণীর লাশ উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ।
এর আগে সকালে ওই কলাবাগানে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। স্থানীয়রা ধারণা করছেন, অন্য কোথাও হত্যা করে লাশটি তাঁদের এলাকায় ফেলে গেছে দুর্বৃত্তরা।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. গফফার হোসেন জানান, উদ্ধার করা লাশটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর শ্বাসরোধে এই তরুণীকে হত্যা করা হয়েছে। পরে কলাবাগানে লাশটি ফেলে গেছে দুর্বৃত্তরা। তবে লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি।
ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে এসআই বলেন, প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে।

সঞ্জিব দাস, ফরিদপুর