নিহতদের পরিবারের সদস্য হিসেবে চলতে চান নওফেল
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে নিহত ১০ জনের জন্য বিশেষ প্রার্থনা সভা হয়েছে চট্টগ্রামের একটি মন্দিরে।
বুধবার বিকেলে নগরীর চট্টেশ্বরী কালীমন্দিরে এ বিশেষ প্রার্থনা সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।
সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, নগর আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও মাহতাব উদ্দীন চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রার্থনা অনুষ্ঠানে নিহত ১০ জনের পরিবারের স্বজনদের হাতে অর্থ তুলে দেন মহিবুল হাসান। তিনি নিহতদের পরিবারের সদস্য হিসেবে সুখে দুঃখে একসঙ্গে পথচলার কথা জানান। তিনি বলেন, ‘অসতর্কভাবে চলাফেরা করলে তাঁর ফল আমরা জীবন দিয়ে দেই।’ পরিমিতবোধ চর্চার মাধ্যমে নিজের নিরাপত্তা ও প্রতিবেশীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
গত সোমবার দুপুর ১২টার দিকে চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদপিষ্ট হয়ে ১০ জন নিহত হন। একই ঘটনায় আহত হয়েছেন ২০ জন। নগরীর জামাল খান রোডের রীমা কনভেনশন সেন্টারে ওই দুর্ঘটনা ঘটে।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম