এক ঘণ্টা পর ফিরে এলো সেই চন্দ্রবোড়া সাপ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার খালাশিডাঙ্গি গ্রামে গতকাল মঙ্গলবার সকালে মুগক্ষেত থেকে প্রায় চার ফুট দৈর্ঘ্যের একটি বিষধর চন্দ্রবোড়া (রাসেল ভাইপার) সাপ ধরা পড়ে।
স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে খবর পেয়ে ওই দিন বিকেল ৪টায় উপজেলা বন কর্মকর্তা মো. ছালাউদ্দিন ও তাঁর অফিস স্টাফ প্রাণ গোপাল ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা সেখান থেকে সাপটি নিয়ে মুগক্ষেত থেকে কিছু দূরে পদ্মা নদীতে ছেড়ে দেন। কিন্তু এক ঘণ্টা পরে আবার সাপটি লোকালয়ে ফিরে আসে।
জানা যায়, ওই দিন বিকেল ৫টায় স্থানীয় নারায়ণ বিশ্বাস (৫৫) নদী থেকে গোসল করে ফেরার পথে চন্দ্রবোড়া সাপটি দেখতে পান। খবর পেয়ে স্থানীয় লোকজন ও সাংবাদিকরা সন্ধ্যায় নদীর পাড়ে গিয়ে সাপটিকে জীবিত অবস্থায় দেখতে পান। যে স্থানে সাপটি পাওয়া যায়, সেখান দিয়ে প্রতিদিন নানা বয়সী ছেলেমেয়ে গোসল করার পাশাপাশি নদীতে গবাদি পশু গোসল করায় স্থানীয়রা।

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার খালাশিডাঙ্গি গ্রামের মুগক্ষেত থেকে ধরা পড়ার পর বিষধর চন্দ্রবোড়া সাপ। ছবি : এনটিভি
বিষধর সাপটি আবার লোকালয়ে ফিরে আসায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাই দায়সারাভাবে এই ধরনের বিষধর সাপ যত্রতত্র অবমুক্ত না করে নিরাপদ স্থানে অবমুক্ত বা সংরক্ষণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান স্থানীয় লোকজন।
সাপটি ফিরে আসার ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা মো. ছালাউদ্দিনের মুঠোফোনে কথা হলে তিনি অবাক হয়ে বলেন, সাপটি তিনি নদীর পানিতে ছেড়ে দিয়েছেন। তিনি বলেন, সাপ যদি ফিরে এসেও থাকে তবে মানুষ দেখলে ভয়ে চলে যাবে।

সঞ্জিব দাস, ফরিদপুর