নেত্রকোনায় বিদ্যুৎ পেলেন ২৩২ গ্রাহক
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় একটি গ্রামে ২৩২ গ্রাহকের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় হোগলা ইউনিয়নের পূর্ব ভিকুনিয়া গ্রামের এসব গ্রাহকের মাঝে এ বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। বিদ্যুতায়নের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক।
পল্লী বিদ্যুৎ সূত্র জানায়, ৩৬ লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে ৩ দশমিক শূন্য ৭৯ কিলোমিটার এ বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়েছে। আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সেচসুবিধা সৃষ্টিতে প্রথম পর্যায়ে ২৩২ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হয়েছে।
বিদ্যুতায়ন উদ্বোধনের আগে হোগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য দেন পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, নেত্রকোনা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মো. মজিবর রহমান, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান প্রমুখ।

ভজন দাস, নেত্রকোনা