ভূমি বেদখলের অভিযোগে মানিকছড়িতে সড়ক অবরোধ
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বগামারা, বক্রিপাড়া ও মনাদংপাড়ায় ভূমি বেদখলের অভিযোগে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন স্থানীয় আদিবাসীরা।
মানিকছড়ি ভূমি রক্ষা কমিটির ডাকে আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে এ অবরোধ শুরু হয়। চলবে দুপুর ১২টা পর্যন্ত।
অবরোধ সমর্থকরা উপজেলার বিভিন্ন স্থানে পিকেটিং করেছেন। এতে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। তবে এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সেনাবাহিনী উপজেলার বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।
সম্প্রতি মানিকছড়ি উপজেলার বগামারা, বক্রিপাড়া ও মনাদংপাড়ায় বাঙালিদের কবুলিয়তভুক্ত জমি নিজেদের দাবি করে বৌদ্ধবিহার নির্মাণ করতে যান আদিবাসীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। গতকাল বুধবার নতুন করে উত্তেজনা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে কাল বিকেলে মানিকছড়ি ভূমি রক্ষা কমিটির ব্যানারে সড়কে অবরোধ ও বিক্ষোভ শেষে অবরোধের ডাক দেওয়া হয়।
অবরোধের বিষয়ে জানতে চাইলে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অবরোধের প্রভাব পড়েনি। যানবাহন স্বাভাবিক চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি