জাফরুল্লাহর আদালত অবমাননার শুনানি ৯ আগস্ট
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে জারি করা রুলের শুনানির জন্য আগামী ৯ আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
আজ বুধবার ডা. জাফরুল্লাহর পক্ষে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই দিন ধার্য করেন।
এ সময় ডা. জাফরুল্লাহর পক্ষে ট্রাইব্যুনালে সময় আবেদন করেন তাঁর আইনজীবী আব্দুল বাসেত মজুমদার। মামলার প্রস্তুতি নেওয়ার জন্য সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করে এ দিন ধার্য করেন।
এর আগে গত ৬ জুলাই ডা. জাফরুল্লার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদনটি জানান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল, মুক্তিযোদ্ধা আলী আসগর, মুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম এবং গণজাগরণ মঞ্চের একাংশের আহ্বায়ক কামাল পাশা চৌধুরী ও কর্মী এফ এম শাহীন।
এরপর গত ৭ জুলাই এ আবেদনের শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ ও আবেদনকারী মনোরঞ্জন ঘোষাল।
গত ১০ জুন জাফরুল্লাহ চৌধুরীকে সাজা দেন আদালত। শাস্তি হিসেবে তাঁকে এক ঘণ্টা আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখা হয়। একইসঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। সাজা ঘোষণার পর সাংবাদিকদের জাফরুল্লাহ বলেন, ‘আজকের আদালত অবমাননার রায়টা তিনজন বিচারকের মানসিক অসুস্থতার প্রমাণ। যেখানে বিচারপতিরা সমালোচনা সহ্য করতে পারেন না, সেখানে ন্যায় বিচার হয় না।’

নিজস্ব প্রতিবেদক