ফরিদপুরে জোড়া খুন মামলার আসামি গ্রেপ্তার
ফরিদপুরের আলফাডাঙ্গা জোড়া খুনের মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা এলাকা থেকে রায়হান মোল্যা (৩২) ও তারিকুল মোল্যা (২১) নামের ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গত ৯ নভেম্বর আলফাডাঙ্গা বাজার থেকে ফেরার পথে দুর্বৃত্তরা ইদ্রিস মোল্যা (৫০) ও লাভলু মোল্যা (৪০) নামে দুই ভাইকে কুপিয়ে হত্যা করে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সাহেব আলীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা এলাকা থেকে রায়হান ও তারিকুলকে আটক করে।
এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল করিম বলেন, আসামিদের কাছ থেকে তথ্য সংগ্রহের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। আগামী রোববার জেলহাজতে পাঠানো হবে।
দুই ভাই ইদ্রিস ও লাভলু আলফাডাঙ্গা বাজারের দোকান থেকে গত ৯ নভেম্বর রাতে ভ্যানযোগে বাড়ির ফেরার সময় আলফাডাঙ্গা পৌর এলাকার শ্মশানঘাট রোডে পৌঁছালে দুর্বৃত্তরা দেশীয়া অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে সেখান থেকে তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণ করেন।
পরে ১১ নভেম্বর শনিবার সন্ধ্যায় আলফাডাঙ্গা থানায় নিহত দুজনের বড় ভাই আবুল কাশেম মোল্যা বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখ করে এবং আরো সাত-আটজনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

সঞ্জিব দাস, ফরিদপুর