ভারতে পাচারকালে দুই ব্যাগভর্তি নতুন নোট জব্দ
ভারতে পাচারকালে দুটি স্কুলব্যাগভর্তি বাংলাদেশি নতুন নোট জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ বুধবার সকালে যশোরের বেনাপোল চেকপোস্ট নোম্যান্স-ল্যান্ড এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।
দুটি ব্যাগের মধ্যে নতুন দুই ও পাঁচ টাকার নোট ছিল। তবে কোন নোট কতটি ছিল তা জানায়নি বিজিবি। সব মিলিয়ে এক লাখ ৩২ হাজার টাকা ছিল বলে বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানিয়েছেন। বিজিবি সদস্যরা টাকা জব্দ করতে পারলেও কোনো পাচারকারীকে আটক করতে পারেননি।
লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে বিপুল পরিমাণ বাংলাদেশি দুই টাকা ও পাঁচ টাকার নতুন নোট ভারতে পাচার হচ্ছে- এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোল চেকপোস্ট নোম্যান্স-ল্যান্ড এলাকায় অভিযান চালান। বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি স্কুলব্যাগ ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে ওই দুটি স্কুলব্যাগ থেকে দুই টাকা ও পাঁচ টাকার নতুন নোটের এক লাখ ৩২ হাজার টাকা জব্দ করা হয়। জব্দ করা টাকা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।
এর আগেও বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় একাধিকবার বাংলাদেশি দুই টাকার বিপুল পরিমাণ নতুন নোট জব্দ হয়েছে। তবে এ দুই ও পাঁচ টাকার নোট কী কারণে ভারতে পাচার হচ্ছে তা জানা সম্ভব হয়নি।

মহসিন মিলন, বেনাপোল