আনোয়ার মিন্টু আমানের আত্মসমর্পণ, জামিন আবেদন
হরতাল-অবরোধে নাশকতার একাধিক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন।
আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত ও মহানগর দায়রা জজ আদালতে তাঁরা তাঁদের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নাল আবেদিন মেজবার মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
তাঁদের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদিন মেজবা এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আপিল বিভাগের নির্দেশে তাঁরা ঢাকার বিভিন্ন থানায় হওয়া একাধিক মামলায় ঢাকার সিএমএম ও মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। আজই এ মামলাগুলোর শুনানি অনুষ্ঠিত হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
মামলাগুলোর মধ্যে রাজধানীর পল্টন, যাত্রাবাড়ী ও খিলগাঁও থানায় নাশকতার অভিযোগে করা ১০ মামলায় এম কে আনোয়ার; গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে পল্টন, শাহবাগ, মিরপুর, মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন থানার ৭১ মামলায় আমানউল্লাহ আমান ও আবদুল আউয়াল মিন্টু একটি মামলায় জামিন চেয়ে আদালতে আত্মসমর্পণ করেছেন।
গত ২৭ জুলাই আপিল বিভাগ মোট ৫২ মামলায় তাঁদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। মামলাগুলোর মধ্যে দুটি কুমিল্লার চৌদ্দগ্রাম থানারও রয়েছে।

নিজস্ব সংবাদদাতা