সীমান্ত নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণে বিএসএফের ২৬ সদস্য বাংলাদেশে
চট্টগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রশিক্ষণ কেন্দ্র বায়তুল ইজ্জতে শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী ‘বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা।
এই কর্মশালায় যোগ দিতে আজ রোববার বাংলাদেশে এসেছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ২৬ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল। দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন দলটির সদস্যরা।
বিএসএফ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের কমান্ডিং অফিসার প্রদীপ কুমার নাথ।
২৬ সদস্যের প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছালে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক তাঁদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, দু-দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আরো উন্নত প্রশিক্ষণের জন্য প্রতিনিধিদলটি বাংলাদেশে এসেছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে বিজিবি-বিএসএফের যৌথ টহল ব্যবস্থাকে আরো উন্নত করতে ‘বর্ডার ম্যানেজমেন্ট’ নামে একটি প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে ভারতের ২৬ সদস্যের প্রতিনিধিদলটি বাংলাদেশে এসেছে। কর্মশালায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রেখে কীভাবে মাদক, অস্ত্র, অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার বন্ধ করা যায় সে লক্ষে উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে।

মহসিন মিলন, বেনাপোল