রাবি কর্মচারীর বিরুদ্ধে ছাত্রী অপহরণের অভিযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মালি মো. মঞ্জুর হোসেনের (৪২) বিরুদ্ধে এক কলেজ ছাত্রীকে অপহরণ করার অভিযোগ উঠেছে।
মঞ্জুর হোসেনের বাড়ি নগরীর কাজলা এলাকার মতিহার থানার পাশে পেট্রোল পাম্পের পেছনে। মঞ্জুর বিবাহিত ও তাঁর দুটি সন্তান আছে। দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রীর সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানা গেছে।
ওই কলেজছাত্রী রাবির বেগম খালেদা জিয়ার হলের এক বুয়ার মেয়ে। তাঁরা নগরীর মতিহার থানাধীন শ্যামপুরে থাকেন।
মেয়েটির বাবা অভিযোগ করে এনটিভি অনলাইলকে বলেন, ‘গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি বাংলালিংক নম্বর থেকে ফোন আসে। ফোনকারী আমাকে মঞ্জু পরিচয় দিয়ে বলে, আপনার মেয়েকে কলেজ (শাহ মখদুম) থেকে আমি উঠিয়ে নিয়ে গেছি।’
মেয়েটির মা বলেন, ‘আমার মেয়ে রাজশাহীর শাহ মখদুম কলেজে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ছয়-সাত মাস ধরে মঞ্জুর আমার মেয়েকে কলেজে যাওয়ার পথে বিরক্ত করে আসছে। মঞ্জুর ভয়ে প্রায়ই আমার মেয়ে কলেজে যেতে পারত না। একপর্যায়ে মঞ্জুরের মা মেয়েকে ছেলের বউ করতে প্রস্তাব দেয়। কিন্তু এতে আমরা অসম্মতি জানাই। পরে গতকাল মঙ্গলবার মেয়ে কলেজের উদ্দেশে বের হলে আর বাসায় ফিরেনি।’
এ ব্যাপারে মঞ্জুরের বক্তব্য পাওয়া যায়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ এস এম জাহিদ হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘প্রক্টরের সঙ্গে কথা বলে মঞ্জুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরো বলেন, ‘কাজের প্রতি অবহেলার কারণে এর আগেও মঞ্জুরকে কাজ থেকে অব্যাহতি দেওয়ার কথা ভাবা হয়েছিল।’
এই ঘটনায় নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘এখনো আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। তবে অভিযোগ এলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

রাবি সংবাদদাতা