হাজার টাকা দিতে না পারায় পেটালেন এএসআই!
ফরিদপুর মুখ্য বিচারিক হাকিম আদালতের হাজতি গারদের সামনে এক যুবককে বেদম মারপিট করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।
মারধরের শিকার যুবকের নাম মো. সোহেল (২৫)। তিনি জানান, আজ বিকেলে গারদে থাকা ভাই রিপনের সঙ্গে দেখা করতে আসেন। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক লুৎফর এক হাজার টাকা দাবি করেন।
এ সময় সোহেল ওই পুলিশ সদস্যকে জানান, তাঁর কাছে কেবল ৩০০ টাকা আছে। সেটাই দিতে চাইলে তাঁর সঙ্গে খারাপ আচরণ শুরু করেন এএসআই লুৎফর। একপর্যায়ে তাঁর সঙ্গে যোগ দেন আরো কয়েকজন পুলিশ সদস্য। সবাই মিলে তাঁকে বেধড়ক পেটান।
এ ঘটনার বিচারে চেয়ে ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্রসাহার কাছে অভিযোগ দিয়েছেন মো. সোহেল।
জানতে চাইলে পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা জানান, ঘটনাটি অভিযোগ আকারে তাঁর কাছে এসেছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।
তবে অভিযুক্ত পুলিশ সদস্যদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাইলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সঞ্জিব দাস, ফরিদপুর