ফরিদপুরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
ফরিদপুর শহরের শোভারামপুর এলাকায় সোলাইমান মিয়া শিমুল নামের এক কলেজশিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শনিবার ভোররাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিমুলের মৃত্যু হয়।
নিহত শিমুলের বাড়ি শহরের পশ্চিম খাবাসপুর এলাকায়। তিনি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষে পড়তেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় ১০ থেকে ১২ দুর্বৃত্ত শোভারামপুর বাজার থেকে শিমুলকে ধরে নিয়ে পাশের একটি বাগানে এলোপাতাড়ি কোপায়। এরপর জখম করে তাঁকে গাছের সঙ্গে বেঁধে রাখে তারা। পরে রাতে খবর পেয়ে পুলিশ শিমুলকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাতে তাঁর মৃত্যু হয়।
ওসি আরো জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।
এ প্রতিবেদন লেখার সময় শিমুলের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর