পাচারের সাড়ে তিন বছর পর ফিরলেন ৫ তরুণী
ভারতে তিন বছর কারাভোগের পর পাচার হওয়া পাঁচ বাংলাদেশি তরুণীকে ফিরিয়ে দিয়েছে ভারত। গতকাল শুক্রবার রাতে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে ওই তরুণীদের হস্তান্তর করে ভারতীয় পুলিশ। তাঁদের অধিকাংশের বাড়ি পিরোজপুর ও বাগেরহাটের বিভিন্ন স্থানে বলে জানিয়েছে পুলিশ।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরিফ জানান, সাড়ে তিন বছর আগে এই তরুণীদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে যশোরের বিভিন্ন সীমান্ত পথ দিয়ে ভারতে পাচার করে একটি দালালচক্র। পরে দালালরা তাঁদের ভারতের ব্যাঙ্গালুরু শহরে ফেলে পালিয়ে যায়।
সে সময় ওই পাঁচ তরুণীকে ব্যাঙ্গালুরু পুলিশ আটক করে আদালতে পাঠায়। আদালত তাঁদের তিন বছর কারাদণ্ডাদেশ দেন। সাজা শেষে ‘সংলাপ’ নামের একটি বেসরকারি সংস্থা পাঁচ তরুণীকে নিজেদের আশ্রয়কেন্দ্রে রাখে। পরবর্তী সময়ে তাঁদের নাম-ঠিকানা জোগাড় করে যাচাই-বাচাই করে ‘সংলাপ’। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হলো।
ওমর শরীফ আরো জানান, আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে মানবাধিকার সংগঠন ‘রাইটস’-এর যশোর জেলা কর্মকর্তা বজলুর রহমানের কাছে ওই পাঁচজনকে তুলে দেওয়া হয়। আজই তাঁদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

মহসিন মিলন, বেনাপোল