মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩০ আগস্ট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অর্থপাচার মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন আগামী ৩০ আগস্ট ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ ১-এর বিচারক আতাউর রহমানের আদালত এ দিন ধার্য করেন।
আজ অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু হাইকোর্টে এ মামলায় অভিযোগপত্র আমলে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট পিটিশন থাকায় তাঁর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবা শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির দিন পিছিয়ে ৩০ আগস্ট ধার্য করেন।
২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে রমনা মডেল থানায় মোশাররফের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে এ মামলাটি দায়ের করেন। পরে একই বছরের ১৪ আগস্ট দুদকের পরিচালক নাসিম আনোয়ার তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার নথি থেকে জানা যায়, ড. খন্দকার মোশাররফ হোসেন মন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা পাচার করে আইনপরিপন্থী কাজ করেছেন। তিনি ও তাঁর স্ত্রী বিলকিস আক্তার হোসেনের যৌথ নামে যুক্তরাজ্যের লয়েড টিএসবি অফসোর প্রাইভেট ব্যাংকে আট লাখ চার হাজার ১৪২.৪৩ ব্রিটিশ পাউন্ড (হিসাব নং- ১০৮৪৯২) জমা করেন। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় নয় কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা।
ড. খন্দকার মোশাররফ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন ওই টাকা পাচার করেন বলে দুদকের তদন্তে প্রমাণ পাওয়া যায়।

নিজস্ব সংবাদদাতা