যশোরে অপহৃত কিশোরের লাশ নদী থেকে উদ্ধার
নিখোঁজ হওয়ার দুদিন পর যশোরের মুক্তেশ্বরী নদী থেকে আনোয়ার হোসেন (১৬) নামে এক কাঠমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আনোয়ার সদর উপজেলার চাঁচড়া তফসিডাঙ্গা গ্রামের আলমগীর গাজীর ছেলে। হত্যায় জড়িত সন্দেহে পুলিশ মিজান নামে এক যুবককে আটক করেছে।
নিহতের বাবা আলমগীর গাজী বলেন, তাঁদের এলাকার মিজানদের সঙ্গে জমি-জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে মিজানসহ বেশ কয়েকজন গত সোমবার রাত ৮টার দিকে আনোয়ারকে অপহরণ করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়।
আজ বুধবার দুপুরে মুক্তেশ্বরী নদীর কচুরিপানার ভেতরে প্যান্ট ও জুতো দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেখান থেকে আনোয়ারের লাশ উদ্ধার করে।
যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুকুমার কুণ্ডু বলেন, দুর্বৃত্তরা সোমবার রাতেই আনোয়ারকে শ্বাসরোধে হত্যা করে ও লাশ মুক্তেশ্বরী নদীর কচুরিপানার ভেতরে লুকিয়ে রাখে।
এসআই সুকুমার কুণ্ডু বলেন, হত্যাকাণ্ডের পর মিজান বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। তাকে পুলিশের পাহারায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাইফুল ইসলাম সজল, যশোর