মানিকগঞ্জে ছাত্রশিবির সন্দেহে আটক ১৩
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠ থেকে পুলিশ আজ বুধবার সন্ধ্যায় ইসলামী ছাত্রশিবিরের কর্মী সন্দেহে ১৩ জনকে আটক করেছে। সেখানে তারা নাশকতার প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—সদর উপজেলার বান্দুটিয়া এলাকার মো. আল-আমিন (২৩), মো. মুসা (২৩), দাশড়া সিদ্দিকনগর এলাকার রশিদ আহমেদ দাহি (২৩), উঁচুটিয়া এলাকার হাসান আহমেদ হাশু (২৩), মো. শরিফ হোসেন (২৩), হিজুলী এলাকার মো. মোস্তফা ওরফে সুমন (২২), কামরুজ্জামান (২৩), দাশড়া এলাকার মাহবুব রহমান (২২), পশ্চিম দাশড়া এলাকার মো. তারেক আজিজ (২৬), আবদুল জলিল বাবু (২৩), দানিস্তনগর এলাকার আলী আহমেদ দুলাল (২২), টেংরই এলাকার শামসুল ইসলাম (২৩) ও ঘিওর উপজেলার তরা এলাকার মাসুদুর রহমান মাসুদ (২৩)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, ইফতারের পর কলেজ মাঠে বসে তারা গোপন বৈঠক করছিল। তারা নাশকতার প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশের সন্দেহ হয়। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা ছাত্রশিবিরের নেতাকর্মী কি না, তা খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে ছাত্রশিবিরের নেতাকর্মী ও নাশকতার সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ