গভীর রাতে ব্যাংকে ঢুকে প্রহরীদের হত্যা
সাতক্ষীরার কলারোয়ায় সোনালী ব্যাংকের দুই প্রহরীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন সাত্ক্ষীরার কলারোয়া উপজেলার ঝাঁপাঘাট গ্রামের কায়েম হোসেনের ছেলে জাহাঙ্গীর (৩২) ও সদর উপজেলার হরিশপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে আসাদ (২৫)। তাঁরা ব্যাংকে আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
সাতক্ষীরা সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার কৃষ্ণপদ সরকার জানান, ব্যাংকের ভেতর খোঁড়াখুঁড়ির চিহ্ণ দেখা গেছে। তবে কোনো টাকা খোয়া যায়নি।
এ ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপক মনতোষ সরকারসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম বলেন, ‘গতকাল গভীর রাতে সন্ত্রাসীরা ব্যাংকের ভেতর ঢুকে দুই প্রহরীকে হত্যা করেছে। ব্যাংকের গেট অথবা তালা ভাঙার কোনো চিহ্ণ পাওয়া যায়নি।’ তিনি জানান, ব্যাংকের কোনো টাকা খোয়া যায়নি। তবে ব্যাংকের ভেতরে কাগজপত্র ছড়ানো-ছিটানো অবস্থায় পাওয়া গেছে।
কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন জানান, লাশ দুটি ব্যাংকের সিঁড়িতে পড়ে ছিল। দুই প্রহরী দুর্বৃত্তদের চিনে ফেলায় ব্যাংক লুট করতে না পেরে ধস্তাধস্তির পর তাঁদের গলা কেটে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন ঘটনাস্থল পরিদর্শনের পর বলেন, ‘হত্যার কারণ এখনো জানা যায়নি। জিজ্ঞাসাবাদ চলছে।’

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা