ফারুক হত্যা : সাংসদ রানার দুই সপ্তাহের জামিন
মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে দুই সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই সময়ের মধ্যে তাঁকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত রোববার আদালতে রানার জামিনের শুনানি শেষে আজ আদেশের জন্য দিন রেখেছিলেন আদালত। রানার পক্ষে ব্যারিস্টার রফিক-উল হক ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ শুনানিতে অংশগ্রহণ করেন।
ওই দিন শুনানি শেষে হাইকোর্ট সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে হয়রানি না করার নির্দেশ দিয়েছিলেন।
গত বছরের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ মরদেহ তাঁর কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় পরে সংসদ সদস্য রানা ও তার ভাই সাঈদুর রহমানকে আসামি করা হয়।

নিজস্ব প্রতিবেদক