সাংবাদিক শামছুর রহমান হত্যার বিচার শুরুর দাবি
যশোরের সাংবাদিক শামছুর রহমান হত্যাকাণ্ডের ১৭তম বার্ষিকী আজ। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেছে যশোরের সাংবাদিক সমাজ।
আজ রোববার সকালে প্রেসক্লাব, স্থানীয় সাংবাদিকদের দুটি ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
দুপুরে স্থানীয় প্রেসক্লাব অডিটরিয়ামে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে একই স্থানে যশোর সাংবাদিক ইউনিয়ন আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য।
আলোচনা সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিক শামছুর রহমান হত্যাকাণ্ডের ১৭ বছর পার হয়ে গেলেও আজও এ হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়নি। আইনের মারপ্যাঁচে ১২ বছর ধরে এ মামলার বিচার প্রক্রিয়া আটকে আছে।
বক্তারা অবিলম্বে এ মামলার বিচার প্রক্রিয়া শুরু করার দাবি করেন।
উল্লেখ্য, ২০০০ সালের ১৬ জুলাই রাতে দৈনিক জনকণ্ঠের যশোর কার্যালয়ে কর্মরত অবস্থায় আততায়ীর গুলিতে নিহন হন সাংবাদিক শামছুর রহমান।

সাইফুল ইসলাম সজল, যশোর