ঈদ জামাতের জন্য প্রস্তুত চট্টগ্রাম
চট্টগ্রাম সিটি করপোরেশন ও কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি বন্দরনগরী চট্টগ্রামে আলাদাভাবে ঈদ জামাত আয়োজনের উদ্যোগ নিয়েছে।
এর মধ্যে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে। এখানে সকাল ৮টায় প্রথম জামাত ও সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
আজ রোববার দুপুরে চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং পুলিশ কমিশনার ইকবাল বাহার নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে ঈদ জামাতের স্থান পরিদর্শন করেন। তাঁরা জামাতের প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থার বিষয়ে খোঁজখবর নেন।
এ তিনটি মূল জামাত ছাড়াও নগরীর ৪১টি ওয়ার্ডে ১৬১টি স্থান ও মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরীর প্রধান সড়ক, সরকারি ভবনসহ নানা স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে। বিভিন্ন রঙের পতাকা দিয়ে সাজানো হয়েছে নগরীর মূল সড়কগুলো।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম