শ্রীবরদী-ঝিনাইগাতী কল্যাণ সমিতির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
উৎসবমুখর পরিবেশে গতকাল রোববার উদযাপিত হলো ঢাকাস্থ শ্রীবরদী-ঝিনাইগাতী কল্যাণ সমিতির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। শাহবাগে অবস্থিত কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে একই সঙ্গে ইফতার মাহফিলেরও আয়োজন করা হয়।
সমিতির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-১ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য আতিউর রহমান আতিক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্রবিষয়ক সচিব ও সমিতির সভাপতি রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম। এতে আরো উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক চাঁন, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহ মোহাম্মদ আবু রায়হান আল বেরুণী, বিশিষ্ট ব্যবসায়ী মো. সাইফুল কবির চৌধুরী পনির, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ড. মো. আশরাফ আলী প্রমুখ। সমিতির সাংগঠনিক সম্পাদক এ কে এম রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্য, অতিথিসহ চার শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সমিতির এক বছরের সাফল্য ও কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন বক্তারা। দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে থেকে যেভাবে সমিতি এগিয়ে চলছে, আগামী দিনে এটি যেন আরো গতিময় হয়, এমন প্রত্যাশার কথা বলেন তাঁরা।
জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক বলেন, ‘উপজেলা সমিতির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে এত লোকের সমাগম দেখে আমি মুগ্ধ। অনেক জেলা সমিতিতেও এমনটা দেখা যায় না। সমিতির নেতৃত্বের প্রতি আস্থা এবং এলাকার কল্যাণে সবার সহযোগিতামূলক মনোভাবের জন্যই এটা সম্ভব হয়েছে।’
সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সমিতির সভাপতি খুরশেদ আলম বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই। আর তা হলো এলাকার উন্নয়ন। এক বছরে আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। ছোটখাটো ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে আরো ভালো করার চেষ্টা থাকবে। শত ব্যস্ততার মাঝেও যেভাবে সবাই সহযোগিতা করে যাচ্ছেন, আমাদের স্বপ্ন পূরণ হবেই।’
