ময়লার স্তূপে বস্তাবন্দি লাশ
ফরিদপুরের বাইপাস সড়কের কবিরপুরে একটি ময়লার স্তূপের পাশ থেকে আজ সকালে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। ছবি : এনটিভি
ফরিদপুরে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানার পুলিশ। আজ শুক্রবার সকালে ফরিদপুরের বাইপাস সড়কের কবিরপুরে একটি ময়লার স্তূপের পাশ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
তবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বিপুল দে জানান, সকালে মাছ ধরতে গিয়ে কিছু লোক বাইপাস সড়কের কবিরপুরের ময়লার স্তূপের পাশে বস্তাবন্দি ওই ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এসআই আরো জানান, নিহত ব্যক্তির মুখের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। রয়েছে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে বস্তাবন্দি করে ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

সঞ্জিব দাস, ফরিদপুর