‘আমাদের ভয় দেখানোর চেষ্টা করে লাভ নেই’
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘যত ষড়যন্ত্র করা হোক না কেন আগামী নির্বাচনে বিএনপিকে দূরে সরিয়ে রাখতে পারবে না এ সরকার।’ তিনি বলেন, ‘আমাদের ভয় দেখানোর চেষ্টা করে লাভ নেই।’
আজ মঙ্গলবার ফরিদপুরের বোয়ালমারীর সাতৈর হাই স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আগামী নির্বাচন অবশ্যই সহায়ক সরকারের অধীনেই হবে।’ তিনি আরো বলেন, ‘ঈদের পর খালেদা জিয়ার নির্দেশে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে। বিশ্বের বিভিন্ন দেশ এখন সুষ্ঠ নির্বাচনের এবং সকল দলের অংশগ্রহণ দেখতে চায়। অতএব যে আকাঙ্ক্ষা নিয়ে আওয়ামী লীগ বসে রয়েছে তা বুমেরাং হবে।’
ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সহ সভাপতি শহীদ পারভেজ, সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইছা, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সঞ্জিব দাস, ফরিদপুর