লটারিতে গাড়ি পাওয়ার কথা শুনে ৮১ হাজার টাকা বিকাশ!
ফরিদপুরের বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে ওয়েলকাম পার্টি বা মুঠোফোনে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৮ এই তথ্য জানায়।
আটক ব্যক্তিরা হলেন ফরিদপুর সদর উপজেলার মো. সাইফুল ইসলাম, ভাঙ্গা উপজেলার মো. শাহ জালাল চৌধুরী ও সুমন ফরাজী, নগরকান্দা উপজেলার ইমরুল কাজী ও মাদারীপুরের শিবচর উপজেলার টোকন মাতব্বর।
র্যাব ৮-এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান,
প্রতারকরা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার এক ছাত্রীকে ফোন দিয়ে জানায়, তিনি লটারিতে গাড়ি পেয়েছেন। এরপর গাড়িটি পেতে বিভিন্ন ফির কথা বলে টাকা দাবি করে প্রতারকরা। গাড়িটি পাওয়ার জন্য একাধিক বিকাশ অ্যাকাউন্টে একাধিক বার ওই ছাত্রী মোট ৮১ হাজার টাকা দেন। পরে তিনি প্রতারণার শিকার বিষয়টি বুঝতে পেরে বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং বিষয়টি র্যাব ৮কে জানান।

মো. রইছ উদ্দিন জানান, র্যাব গোয়েন্দা কার্যক্রম ও প্রযুক্তির ব্যবহার করে ফরিদপুরের বিভিন্ন জায়গা থেকে এই চক্রের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করেছেন। তাদের বালিয়াকান্দি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ পাঁচজনকে আসামি করে বালিয়াকান্দি থানায় মামলা করেছে।

সঞ্জিব দাস, ফরিদপুর