আন্দোলনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য করা হবে
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, এই সরকারকে আন্দোলনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য করা হবে। আর সেই নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সরকার গঠন করবেন।
আজ সোমবার ফরিদপুর সদর উপজেলা ও শহর বিএনপির আয়োজনে স্থানীয় ময়েজ উদ্দিন হাইস্কুল মাঠে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ।
মাহফিল পূর্ব সমাবেশে ফরিদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি রউফ উন নবীর সভাপতিত্বে সাবেক এই মন্ত্রী আরো বলেন, আজ বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিই প্রমাণ করে এই অত্যাচারী সরকারে বিরুদ্ধে রুখে দাঁড়াতে তারা (কর্মীরা) কোনো বাধা-বিঘ্নই মানবে না। জনগণ ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে তাদের ভোটের অধিকার নিশ্চিত করবে।

সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সহসভাপতি এএফএম কাইয়ুম জঙ্গী, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবদুত তাওয়াব, জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, বিএনপির নেত্রী নায়েবা ইউসুফ আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপন, জেলা যুবদলের সহসভাপতি এ বি সিদ্দিকি মিতুল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, শহর বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, ছাত্রনেতা ইউসুফ হোসেন, সেলিম মিয়া, গাজী মাহবুব প্রমুখ।

সঞ্জিব দাস, ফরিদপুর