ফরিদপুরে বিএনপি নেতার পায়ের রগ কর্তন
ফরিদপুরে বিএনপি নেতা মো. আলী প্রামাণিকের (৫০) পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুরে কোতোয়ালি থানার আলিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আলী প্রামাণিক ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আলীকে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসকরা তাঁকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠিয়েছেন।
আহত আলী প্রামাণিক উপজেলার গাজীরটেক ইউনিয়নের জয়দেব সরকার ডাঙ্গী গ্রামের বাসিন্দা। তিনি চরভদ্রাসন উপজেলার দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি ও চরভদ্রাসন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালামের ভাই।
আলী প্রামাণিকের ভাই বাবুল বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে মো. শাহ আলম প্রামাণিক ও তার স্ত্রী মেরি আক্তার জেলা শহরতলির ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে আমার ভাইয়ের পায়ের রগ কেটে দিয়েছে।’
আলী প্রামাণিকের অন্য ভাই সাংবাদিক আবুল কালাম বলেন, ‘প্রায় দুই বছর আগে তাঁর চাচা শাহ আলম প্রামাণিক একই ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজার এলাকায় পৈতৃক ওয়ারিশ সম্পত্তির ওপর স্ত্রীর নামে ‘মেরি সুপার মার্কেট’ নামক একটি বাণিজ্যিক ভবন গড়েছেন। মেরি আক্তার ফরিদপুর মেডিকেল কলেজের একজন সেবিকা।
শহরতলির সন্ত্রাসীদের সঙ্গে তাঁর সখ্য আছে। কিছুদিন ধরে চাচা-চাচি মিলে অন্য শরিকদের ন্যায্য হিংস্যা বঞ্চিত করে অতিরিক্ত ১৪ শতাংশ জমি ভোগ করার জন্য উঠেপড়ে লেগেছেন। জমির বিরোধ নিয়ে সম্প্রতি প্রশাসনের কাছে অভিযোগ করলে ধার্যকৃত তদন্তের দিন ছিল গত সোমবার। ওই দিন দুর্বৃত্তরা আমাকে ও ভাই আলী প্রামাণিককে রাস্তার বের হলে হত্যা করা হয়।’
আবুল কালাম জানান, মঙ্গলবার সকালে আলী প্রামাণিক জেলা শহরের গজারিয়া হাটের উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বের হলে দুর্বৃত্তরা তাঁর গতিপথ রোধ করে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে এবং বাম পায়ের রগ কেটে দেয়।
এ ঘটনায় চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপ্রসাদ ভক্ত বলেন, ‘আমরা খবর পেয়ে হাসপাতালে আহত ব্যক্তিকে দেখতে যাই। এ ছাড়া ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’ তিনি জানান, এ ঘটনার ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন।

সঞ্জিব দাস, ফরিদপুর