রাতভর থানায় দায়িত্ব পালন, ভোরে বাসায় ফিরে দেখেন চুরি
শেরপুর থানার ছবি
বগুড়ার শেরপুর থানার কনস্টেবল মো. আইনুল গতকাল বৃহস্পতিবার সারারাত থানায় রাত্রিকালীন দায়িত্ব পালন করেন। আজ শুক্রবার (৩১ জুলাই) ভোরে বাসায় ফিরে দেখেন, তার নিজের ভাড়া বাসায় চুরি হয়েছে।
ওই বাসা থেকে জানালার গ্রিল খুলে তাঁর একটি ল্যাপটপ ও একটি মুঠোফোন চোরেরা নিয়ে গেছে। তিনি শেরপুর পৌর শহরের উলিপুর এলাকায় ভাড়া বাসায় স্ত্রী–সন্তান নিয়ে থাকেন।
কনস্টেবল আইনুল জানান, গতকাল রাতের ডিউটি শেষে ভোর সাড়ে ৪টার দিকে বাসায় ফিরে দেখেন ঘরের জানালার নিচের অংশ খোলা। এ সময় জানালার পাশের টেবিলে রাখা তার ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোনটি আর খুঁজে পাননি।
ঘটনার সময় পাশের কক্ষে তার স্ত্রী ও সন্তান ঘুমিয়ে থাকলেও তারা বিষয়টি টের পাননি।
এ বিষয়ে শেরপুর থানার উপপরিদর্শক (সেকেন্ড অফিসার) জাহিদ হোসেন বলেন, চুরির ঘটনায় তদন্ত চলছে।

জাহিদ হাসান বগুড়া (শেরপুর-নন্দিগ্রাম)