মানবপাচার আইনে ২০৩৫টি মামলা হয়েছে : আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ২০১৫ সালের ২২ জুন পর্যন্ত মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের অধীন দুই হাজার ৩৫টি মামলা হয়েছে।
আজ সংসদে সরকারি দলের সদস্য মো. মামুনুর রশিদ কিরণের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা বাসস। তিনি আরো বলেন, দায়েরকৃত মামলাগুলোর মধ্যে ৪১৯টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং এক হাজার ৬১৬টি মামলা বিচারাধীন রয়েছে।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, মানবপাচার ট্রাইব্যুনাল গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মানবপাচার সংক্রান্ত মামলাগুলোর বিচার দ্রুত নিষ্পত্তির জন্য সরকার সাতটি বিভাগীয় শহরে সাতটি পৃথক মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নিয়েছে।
সরকারি দলের সদস্য মো. আয়েন উদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার ৬৪টি জেলার লিগ্যাল এইড কর্মকর্তারা বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সহায়তা প্রদান করে থাকেন। এ ছাড়া প্রতি জেলায় কেস ম্যানেজমেন্ট কমিটি গঠনের মাধ্যমে দ্রুত মামলা নিষ্পত্তির পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে।

অনলাইন ডেস্ক