ট্রাকচাপায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নিহত
চট্টগ্রামে ট্রাকচাপায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতা জালাল উদ্দিন সোহেল নিহত হয়েছেন। আজ বুধবার নগরীর বাদশা মিয়া সড়কের ওয়াসসিমেট্রি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দিন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নগর ছাত্রদলের তিন নেতা নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেনের বাসা থেকে বের হয়ে গোলপাহাড়ের দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক ছাত্রদল নেতা জালাল উদ্দিনকে সোহেলকে ধাক্কা দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে জালাল মাটিতে পড়ে যান। ট্রাকটি দ্রুত চলে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি প্রাইভেট কারকেও ধাক্কা দেয়।
হাসপাতালে নেওয়ার পর মারা যান ছাত্রদল নেতা জালাল উদ্দিন সোহেল। ঘটনার সময় নিহত জালালের সঙ্গে থাকা ছাত্রদলের নগর কমিটির সহ সভাপতি জসিম উদ্দিন জানান, তাঁরা একসঙ্গে নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেনের বাসা থেকে বের হয়ে প্রবর্ত্তকের দিকে যাচ্ছিলেন। পেছন দিক থেকে ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এ সময় জালাল ও জসিমের সঙ্গে ছিলেন ছাত্রদলের নগর কমিটির সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন।
শাহাদাত হোসেন জানান, তিনি ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে দুপুরের ভাত খেয়ে সাংগঠনিক কাজ সেরেছেন। এরপর তাঁরা নিচে নামেন। তাঁর বাসার নিচে ওই দুর্ঘটনা ঘটে। বিকট শব্দ শুনে তিনি বের হন। পরে নিজের গাড়িতে করে সোহেলকে হাসপাতাল নিয়ে যান। সড়কটি একমুখী হলেও দিনে ও রাতে ট্রাক চলাচলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন বিএনপি নগর সভাপতি শাহাদাত হোসেন।
বিএনপি নেতা শাহাদাত জানান, আগামীকাল নগর বিএনপি কার্যালয়ের সামনে জালালের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে পাহাড়তলীতে জালালের বাসার সামনে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা জানিয়েছেন, ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক। তিনি বলেন, ‘এখনো জালালের পরিবার থানায় অভিযোগ করেনি।’

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম