কেশবপুরে আ.লীগ ও বিএনপি সংঘর্ষ, আহত ১১
যশোরের কেশবপুরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় দলের ১১ জন আহত হন। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার পাঁজিয়া বাজারে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত হয়েছেন পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইনতাজ গাজী (৭০), অজিয়ার রহমান (৩৫), আবুল কাশেম (৩৭), বেল্লাল হোসেন (৪০), ইবাদ আলী (৪০), পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সাঈদ লাভলু (৩৮), শহিদুল ইসলাম (২৬), সুমন হালদার (২৪), মো. রফিক (৩০), জহুরুল হক (৪২) ও মো. মাসুম (২৫)।
আহত ইনতাজ গাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও আবু সাঈদ লাভলুকে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা স্থানীয় চিকিৎসকদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
যশোর জেলা বিএনপির সহসভাপতি ও কেশবপুরের মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুবকর আবু জানান, রোববার সন্ধ্যায় পাঁজিয়া বাজারে ইউনিয়ন বিএনপির কর্মিসভা চলার সময় পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সাঈদ লাভলুর নেতৃত্বে ২৫-৩০ জন লাঠিসোটা, চায়নিজ কুড়াল, হাতুড়ি নিয়ে যুবলীগকর্মী মো. মাসুমকে মারতে মারতে আমাদের কর্মিসভার ভেতরে ঢুকে পড়ে। পরে তারা আমাদের নেতাকর্মীদেরও মারধর করতে থাকে। এ সময় তারা বিএনপির ইউনিয়ন সভাপতি ইনতাজ গাজীর মাথায় চায়নিজ কুড়াল দিয়ে আঘাত করে।
আবু বকর আবু বলেন, ‘আমাদের নেতা ইনতাজ গাজীকে উদ্ধার করতে গেলে ওই সন্ত্রাসীরা আমাদের কর্মী অজিয়ার, আবুল কাশেম, বেল্লাল ও ইবাদকে মারধর করে। এ সময় সন্ত্রাসীরা অজিয়ার রহমান ও আবুল কাশেমের দোকানঘর ভাঙচুর, নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। তারা অজিয়ার এবং ইবাদ আলীর দুটি মোটরসাইকেলও ভাঙচুর করে। এর কিছুক্ষণ পর আহত যুবলীগ নেতা মো. মাসুমের নেতৃত্বে একটি মিছিল বের হয় এবং ওই মিছিল থেকে দুর্বৃত্তরা যুবলীগের সভাপতি আবু সাঈদ লাভলু, শহিদুল, সুমন, রফিক ও জহুরুলকে মারধর করে।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা জানান, রোববার সন্ধ্যায় বিএনপিরকর্মী সভা চলাকালীন যুবলীগকর্মীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে যুবলীগ সভাপতি লাভলু ও মো. মাসুমের নেতৃত্বে দুটি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একই সময় বিএনপির কর্মিসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে কটূক্তিপূর্ণ মন্তব্য করা হয়। এ সময় কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম সহিদ জানান, রোববার রাতে পাঁজিয়া বাজারে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তিনি জানান, আওয়ামী লীগের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন।

আশরাফ-উজ-জামান খান, কেশবপুর