ভারত থেকে ফেরার পথে গ্রেপ্তার ৮
পাসপোর্ট ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অভিযোগে আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার ভোরে সাতক্ষীরার সুন্দরবন সীমান্তে কালিঞ্চি নদী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বিজিবির ১৭ ব্যাটালিয়নের কৈখালী বিওপি কমান্ডার হাবিলদার দেলোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভামিয়া গ্রামের সাগর আউলিয়া, ধুমঘাটের জয়ন্ত জোয়ার্দার, কালিঞ্চির আফসার শেখ ও কাসেম গাজী, পূর্ব কৈখালীর রহিম গাজী, পশ্চিম কৈখালীর আজিবর সানা, আতিয়ার গাজী ও ফিরোজ শেখ।
হাবিলদার দেলোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কিছুদিন আগে চোরাই পথে ভারত যান। তাঁদের কাছে বৈধ কোনো কাগজপত্র ছিল না। আজ দেশে ফেরার পথে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী বলেন, ওই আটজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা