ঠাকুরগাঁওয়ে ১৫ আগস্ট ঘিরে ৫০ জনের নামে নাশকতার মামলা, গ্রেপ্তার ২
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৫ আগস্ট পালন ও নাশকতার চেষ্টার অভিযোগে ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ২০ জনের নাম উল্লেখ এবং ৩০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
এ মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দিনগত রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১৬ আগস্ট) বিকেলে গ্রেপ্তার করা দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, পীরগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ১৫ আগস্ট পালন ও নাশকতার চেষ্টা করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি নাশকতার মামলা করে। সেই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন, পীরগঞ্জ ইউনিয়নের নারায়ণপুর প্রধানপাড়া গ্রামের মৃত হাজি দারফ তুল্লাহর ছেলে ফজলুল হক এবং একই গ্রামের মৃত ধরেন চন্দ্র শীলের ছেলে কার্তিক চন্দ্র শীল।
পুলিশ আরও জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ১৫ আগস্ট পালন করছে, এমন কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পাওয়া যায়। বিষয়টি যাচাই-বাছাই করে নাশকতার চেষ্টার অভিযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, ১৫ আগস্ট পালন ও নাশকতার চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার করা দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এস কে সুজন, ঠাকুরগাঁও (পীরগঞ্জ-রানীশংকৈল)