চান্দিনায় ৫ দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী পাঁচ দফা দাবি আদায়ে মানববন্ধন করেছে চান্দিনা উপজেলা শাখা। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে চান্দিনা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি মো. কাউছারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক কমল বকসী। এ সময় তিনি পাঁচ দফা দাবি উপস্থাপন করেন।
শিক্ষকদের দাবিগুলো হলো ১. প্রধান শিক্ষকদের দশম গ্রেডসহ করে স্পেন্ডিং স্কেলে বেতন নির্ধারণ এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন প্রদান করতে হবে; ২. দ্রুত পদোন্নতির ব্যবস্থা গ্রহণসহ সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে পরিচালক পদ পর্যন্ত শতভাগ পদোন্নতি দিতে হবে; ৩. স্টেনোগ্রাফারদের পদোন্নতি বাতিল করে প্রধান শিক্ষকদের সহকারী উপজেলা শিক্ষা অফিসার, সহকারী মনিটরিং অফিসার, সহকারী ইনস্ট্রাক্টর পদে পদোন্নতির ব্যবস্থা করা; ৪. সমাপনী পরীক্ষা ছাড়া বিদ্যালয়ের অভ্যন্তরীণ সব পরীক্ষা আগের মতো বিদ্যালয়ভিত্তিক প্রশ্নপত্র তৈরিসহ পরীক্ষা পদ্ধতি চালু করতে হবে এবং ৫. প্রাথমিক শিক্ষকদের চাকরি নন ভোকেশনাল হিসেবে গণ্য করতে হবে।
পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান তপন বকসীর হাতে পাঁচ দফা দাবির কপি তুলে দেন শিক্ষকরা।

কাজী রাশেদ, চান্দিনা