মাদকমুক্ত সমাজ গড়তে একসঙ্গে কাজের আহ্বান
‘আসুন, আমরা মাদকমুক্ত অর্থবহ জীবন, সম্প্রদায় ও সত্তার বিকাশ নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার দেশের বিভিন্ন স্থানে র্যালি, আলোচনা সভা ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে মাদকবিরোধী দিবস। এ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মুসলিম হলে আয়োজন করে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, পুলিশ সুপার কে এম হাফিজ আক্তার। বক্তারা মাদকমুক্ত অর্থবহ জীবন গড়ে তোলার আহ্বান জানান। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা : জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয় ।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রশীদুল হাসান, ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন চুয়াডাঙ্গার অতিরিক্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবু সাঈদ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুর রাজ্জাক। স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুখার্জি।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, মাদকমুক্ত করতে ছাত্রসমাজকে এগিয়ে আসার পাশাপাশি সমাজের সবাইকে সচেতন হতে হবে এবং মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ : শুক্রবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম শওকত আলম মজুমদারের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রদর্শক (মুন্সীগঞ্জ সার্কেল) মো. আবু জাফর, সহকারী পুলিশ সুপার মো. এমদাদ হোসাইন প্রমুখ। পরে এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ভজন দাস, নেত্রকোনা : জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুক্রবার একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক হলে গিয়ে শেষ হয়।
পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার হোছাইনের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার, পুলিশ সুপার জয়দেব চৌধুরীসহ অন্যরা। এ সময় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচাররোধে আলোচনা করা হয়।
মিজানুর রহমান, ঝিনাইদহ : জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার সকাল ৯টার দিকে জেলা শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খলিল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার আলতাফ হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মোশাররফ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা : র্যালি, মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হলো মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস। শুক্রবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. নাজমুল আহসান।
শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, মাদক সমাজ ও জাতির শত্রু। মাদককে একযোগে না বলতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সমাজে মাদক জেঁকে বসেছে। এ জন্য সবাইকে সতর্কতার সঙ্গে মাদক ব্যবহার রোধ ও পাচাররোধে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে মাদক বেচাকেনা এবং মাদকের লভ্যতা বন্ধ করতে হবে।’
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বরাদ হোসেন, পৌরসভার মেয়র এম এ জলিল, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের আলী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আবদুল সাদী, সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী হারুন প্রমুখ।
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর : দিবসটি উপলক্ষে শুক্রবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাইরুল হাসান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হামিদুল আলম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এ এস এম মঈনদ্দীন কবিরসহ জেলার সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আলোচনা সভায় অংশ নেন। সভায় বক্তারা জেলায় কীভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।
নাসির আহমেদ, গাজীপুর : শুক্রবার জেলা প্রশাসন মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলার সিভিল সার্জন ডা. মো. আলী হায়দার খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর সার্কেলের পরিদর্শক মো. ফরহাদ হোসেন ও উপপরিদর্শক মাহবুব হোসেন প্রমুখ। এ উপলক্ষে বিভিন্ন স্কুল ও কলেজপর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে জেলা প্রশাসনের চত্বর থেকে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা ও র্যালিতে বিভিন্ন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র, মাদকবিরোধী এনজিও এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
মোস্তফা আবিদ, নীলফামারী : শুক্রবার নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বেলা ১১টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠন একাত্মতা প্রকাশ করে অংশ নেন। মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগ নীলফামারীর উপপরিচালক গুল্লাল সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, জেলা তথ্য কর্মকর্তা শাহজাহান আলী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সৈয়দপুর সার্কেলের পরিদর্শক জাহিদুল ইসলাম প্রমুখ।
দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ : শুক্রবার দুপুর ২টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. হারুন অর রশীদসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ মো. হারুন অর রশীদ, র্যাব ৯-এর সুনামগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর আবদুল্লাহ আল মামুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. এমদাদ উল্লাহ প্রমুখ।

নাসির আহমেদ, গাজীপুর
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
মিজানুর রহমান, ঝিনাইদহ
ভজন দাস, নেত্রকোনা
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা