চুরির মামলার আসামি নবজাতক, পুলিশকে শোকজ
চুরি ও মারামারির একটি মামলায় ১১ মাসের এক শিশু ও মৃত এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ায় তদন্ত কর্মকর্তাকে (আইও) শোকজ করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলম আইওকে শোকজ করেন।
বিচারক আইওকে ১৬ মে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার আইও মারুফুল ইসলাম ওই শিশু ও আরিফুর রহমান নামের এক মৃত ব্যক্তিসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
এরপর আসামিপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম মামলার আইওর ও বাদীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা চেয়ে আদালতে একটি আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আইওকে শোকজ করেন।
আবেদনে উল্লেখ করা হয়, যে শিশুটিকে আসামি করা হয়, সে গত বছরের ৬ জুন জন্মগ্রহণ করে। অপরদিকে আরিফুর রহমান ২০১৩ সালের ৩১ জুলাই মৃত্যুবরণ করেন। ওই দুই ব্যক্তির বিরুদ্ধে ২০১৬ সালের ২৬ জুন মিরপুরের বাসিন্দা হাবিবুর রহমান মামলা দায়ের করেন।
মামলা দায়েরের সময় শিশুটির বয়স ছিল ২০ দিন। আর আরিফুর রহমান ঘটনার তিন বছর আগে মৃত্যুবরণ করেন।
নবজাতকের বাবা এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘আমার ছোট ছেলের বয়স ১১ মাস। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সময় তার বয়স ছিল ২০ দিন। কীভাবে এত ছোট বাচ্চা মারামারি করতে পারে আর কীভাবেই চুরি করতে পারে।’
এই মামলায় শিশুটির বয়স ৩০ বছর দেখানো হয়েছে।

আদালত প্রতিবেদক