জনস্বার্থেই আইন, বিচার ও নির্বাহী বিভাগের সমন্বয় প্রয়োজন : আইনমন্ত্রী
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আইন সভা, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে সমন্বয় থাকতে হবে। দেশ গড়ার কাজে, জনগণের স্বার্থেই এ তিন বিভাগের মধ্যে সমন্বয় প্রয়োজন।
গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। নগরীর জিইসি মোড়ের একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ‘আইন সভা, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ তখনই থাকে, যখন দেশ থাকবে। আর দেশ থাকতে হলে এই তিনটার সমন্বয় থাকতেই হবে। তার মানে এই না যে বিচার বিভাগ স্বাধীন থাকবে না। এই কথা আমরা কখনো বলি নাই।’
আইনমন্ত্রী বলেন, ‘আমরা বলেছি দেশ গড়ার কাজে, দেশের জনগণের স্বার্থে এই তিন বিভাগের একটা সমন্বয় হওয়া প্রয়োজন।’
দেশে স্বাধীন বিচার বিভাগ প্রথম হয়েছিল ১৯৭২ সালে। সেটার মৃত্যু হয়েছিল ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে। আর প্রথম গঠনতন্ত্রমূলক স্বাধীনতা শেখ হাসিনার আমলে চলছে বলে জানান আইনমন্ত্রী।
তবে এই তিন বিভাগের সমন্বয়ের বিষয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এই আইনজীবী বলেন, সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক। সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন না করলে সে আইন বাতিল করার ক্ষমতা সুপ্রিম কোর্টের রয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক, বার কাউন্সিলের সদস্য স ম রেজাউল করিম, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সমিতির সভাপতি আইনজীবী রতন রায়।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম