বাগেরহাটের ফাঁসির আসামি ফরিদপুরে গ্রেপ্তার
বাগেরহাটের মোড়েলগঞ্জের ব্যবসায়ী জাফর জমাদ্দার হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মোস্তফা হাওলাদারকে (৬৭) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)-৮।\
গতকাল শনিবার রাতে ফরিদপুরের ভাংগা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার বিকালে তাকে বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
মোস্তফা হাওলাদারের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনিয়া গ্রামে।
র্যাব ৮-এর উপঅধিনায়ক মেজর আদনান কবির বলেন, ফরিদপুরের ভাংগা বাসস্ট্যান্ড এলাকায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে মোস্তফাকে গ্রেপ্তার করে। ২০০৩ সালের ১৬ জুলাই মোড়েলগঞ্জ উপজেলার ব্যবসায়ী জাফর জমাদ্দার খুন হন। মোস্তফা ওই হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। গ্রেপ্তার এড়াতে তিনি এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। এ ছাড়া তিনি ২০১৩ সালে একই উপজেলার আফজাল খাঁ হত্যা মামলারও অভিযোগপত্রভুক্ত আসামি। এই মামলাটি বর্তমানে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।

রবিউল ইসলাম, বাগেরহাট