জ্ঞান রপ্তানি করতে চাই : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আমরাও জ্ঞান রপ্তানি করতে চাই, প্রযুক্তি রপ্তানি করতে চাই। আর এটা করতে গেলে আমাদের বিশ্ববিদ্যালয়ে সেই জ্ঞান সৃষ্টি করতে হবে।’
গতকাল শনিবার রাতে চট্টগ্রাম ক্লাবে চিটাগং বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (সিবিআইএফটি) প্রথম ব্যাচের সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, গার্মেন্ট শিল্পে দেশের দক্ষ শিক্ষার্থীদের যুক্ত করতে পারলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি এ শিল্প আরো সমৃদ্ধ হবে।
নুরুল ইসলাম নাহিদ আরো বলেন, বিশ্বমানের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত দক্ষ জাতি গড়ে তুলতে হবে। পোশাক রপ্তানির পাশাপাশি দেশের সমৃদ্ধি অর্জনে জ্ঞান ও প্রযুক্তি রপ্তানি করতে দক্ষ নাগরিক গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।
সিবিআইএফটির পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দীন আহমেদ, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। পরে প্রতিষ্ঠানটির প্রথম ব্যাচের ২৬ শিক্ষার্থীর মধ্যে সনদ বিতরণ করেন শিক্ষামন্ত্রী।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম