মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে যুবদলের লিফলেট বিতরণ
চট্টগ্রামে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে লিফলেট বিতরণ করেছে যুবদল।
আজ শনিবার সকালে নগরীর কাজীর দেউরী এলাকা থেকে কর্মসূচি শুরু হয়।
এ সময় যুবদল নেতারা অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের সব মামলা প্রত্যাহার করা হলেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা কোনো মামলা প্রত্যাহার করা হয়নি।
সরকারি দলের এ ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান যুবদল নেতারা।
চট্টগ্রাম মহানগর বিএনপি সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, নগর যুবদলের সভাপতি কাজী বেলাল, সাধারাণ সম্পাদক মোশারফ হোসেন দিপ্তি, কেন্দ্রীয় যুবদলের সদস্য ইয়াছিন চৌধুরী লিটন প্রমুখ এই কর্মসূচিতে অংশ নেন।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম