দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পঞ্চম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে
শরীয়তপুরে নড়িয়া উপজেলার জপসা গ্রামের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই শিশু বিরুদ্ধে। এদের একজন পঞ্চম শ্রেণির, আরেকজন সপ্তম শ্রেণির ছাত্র।
গতকাল শনিবার বিকেল ৫টার দিকে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে এ সংক্রান্ত মামলায় উল্লেখ করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে আজ রোববার মামলাটি করেছেন। মামলার আসামি এক শিশুকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বিকেলে স্কুল শেষে বাড়ি ফিরে সহপাঠীদের সঙ্গে খেলা করছিল শিশুটি। সন্ধ্যায় প্রতিবেশী দুই শিক্ষার্থী শিশুটিকে পাশের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে সহপাঠীরা।
পরিবারের লকজন শিশুটিকে দ্রুত শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শনিবার রাতেই চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তর করে।
শরীয়তপুর সদর হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক আম্বিয়া আলম কনা বলেন, শিশুটির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় শনিবার রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
রাতে শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে হাসপাতালে সাংবাদিকদের বলেন, ‘আমার মেয়েকে আমি বাঁচাতে পারব তো? আমি এর বিচার চাই।’

আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর