ফরিদপুরে পৌরসভাকর্মীদের মানববন্ধন
পেনশন সুবিধাসহ বেতন-ভাতা রাজস্ব খাত থেকে দেওয়ার দাবিতে বৃহত্তর ফরিদপুরের ২৩টি পৌরসভার ছয় শতাধিক কর্মকর্তা-কর্মচারী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
আজ শনিবার বেলা ১১টা থেকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বৃহত্তর ফরিদপুর পৌরসভার কর্তকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল আলীম মোল্লা বলেন, ‘আমরা সরকারে স্থানীয় বিভাগের কাজ করি, অথচ আমাদের বেতন সঠিকভাবে দেওয়া হয় না। আমাদের দাবি সরকারি অন্য কর্মকর্তা-কর্মচারীদের মতো পেনশনসুবিধাসহ বেতন-ভাতা সরকারি রাজস্ব খাত থেকে দেওয়া হোক।’
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন- তানজিলুর রহমান, আজিজুল ইসলাম, মনিরুজ্জামান, হারুন অর রশিদ, হাবিবুর রহমান, শামসুল আলম, ইমরান আলী, নূর ইসলাম। এ ছাড়া ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মানববন্ধনে সংসহিত প্রকাশ করে বক্তব্য দেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন অ্যাসোসিয়েশনের নেতা-কর্মীরা।

সঞ্জিব দাস, ফরিদপুর