দপ্তরি নিয়োগে এমপির ক্ষমতা নিয়ে রুল জারি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী পদে লোক নিয়োগে সংসদ সদস্যদের (এমপি) ক্ষমতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।
রুলে নিয়োগ নীতিমালার ৭ (২) অনুচ্ছদ অনুসারে এমপিদের ক্ষমতা চর্চা কেন সংবিধান পরিপন্থী হবে না এবং এ নীতিমালা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়ছে। রুলের পাশাপাশি নরসিংদীর মনোহরদী উপজেলার দুটি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি নিয়োগ ছয় মাসের জন্য স্থগিত করেছেন আদালত।
রিটে শিক্ষাসচিব, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, নরসিংদীর জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তা এবং জনৈক মো. শাখাওয়াত হোসেনকে বিবাদী করা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. শামসুল আলম কাঞ্চন।
রিটে আবেদনে বলা হয়, চলতি বছরের ২৬ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আউটসোর্সিংয়ের মাধ্যমে দপ্তরি কাম প্রহরী পদে লোক নিয়োগে এমপিদের ক্ষমতা দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি নীতিমালা জারি করে। এ নীতিমালার আলোকে মনোহরদী উপজেলা শিক্ষা কর্মকর্তা ৩৫টি স্কুলের জন্য প্রহরী নিয়োগে বিজ্ঞপ্তি দেন।
এ নীতিমালার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট দায়ের করেন নিয়োগপ্রত্যাশী মনোহরদী পঞ্চাশকুর গ্রামের মোহাম্মদ উল্লাহ মিঠু ও উরুলিয়া গ্রামের কাউচার মিয়া। পাশাপাশি মনোহরদীর দুটি স্কুলে নিয়োগ স্থগিত রাখারও আবেদন জানান তাঁরা।
এ বিষয়ে রিটকারীর আইনজীবী শামসুল আলম কাঞ্চন সাংবাদিকদের জানান, নীতিমালায় নিয়ে রুল জারির পাশাপাশি মনোহরদীর পঞ্চাশকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ স্থগিত করেন।

জাকের হোসেন