নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত
চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ এ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশগ্রহণ করেন ‘ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০১৫/এ এবং ‘মিডশিপম্যান’ ২০১৩/বি ব্যাচের নবীন কর্মকর্তারা।’
এর মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ২০১৫/এ ব্যাচের চারজন ‘ডাইরেক্ট এন্ট্রি অফিসার’ এবং ২০১৩/বি ব্যাচের ৫৬ জন ‘মিডশিপম্যান’সহ সর্বমোট ৬০ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। এদের মধ্যে পাঁচজন প্যালেস্টাইন মিডশিপম্যান রয়েছেন।
‘ডাইরেক্ট এন্ট্রি অফিসার’ ব্যাচ থেকে ইনস্ট্রাক্টর অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট ফারুকুল ইসলাম শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী হিসেবে ‘শহীদ মোয়াজ্জেম পদক’ লাভ করেন। মিডশিপম্যান ব্যাচের মো. আল-আমিন খান সেরা চৌকস মিডশিপম্যান হওয়ার গৌরব অর্জন করে ‘সোর্ড অব অনার' লাভ করেন। এ ছাড়া মিডশিপম্যান সানজিদা আফরোজ সাদিয়া প্রশিক্ষণে দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে ‘বীরশ্রেষ্ঠ রহুল আমিন স্বর্ণপদক’ এবং মিডশিপম্যান মো. মিজানুল হক ইমরান তৃতীয় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে ‘নৌপ্রধান স্বর্ণপদক’ লাভ করেন।
কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের উদ্দেশে নৌবাহিনীপ্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব তরুণ প্রজন্মের কর্মকর্তাদের দেশ রক্ষার মহান কর্তব্যে আত্মনিয়োগ করে দেশসেবার কাজে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরো বলেন, ‘সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনা অনুযায়ী সমুদ্র এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণে আগামী বছরের মধ্যেই দুটি সাবমেরিন সংযোজিত হবে। এরই সাথে একটি পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক নৌবাহিনী গঠনের স্বপ্ন বাস্তবায়িত হবে।’ নৌবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নের কথা উল্লেখ করে নৌবাহিনীপ্রধান বলেন, ‘ইতিমধ্যে নবীন কর্মকর্তাদের প্রশিক্ষণের সময়কাল তিন বছরে উন্নীত করাসহ বিএসসি অনার্স এবং বিবিএ ডিগ্রি প্রদানের বিষয়টি কার্যকর করা হয়েছে।’
গ্রীষ্মকালীন এ রাষ্ট্রপতি কুচকাওয়াজে নৌসদর দপ্তরের পিএসও, চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, চট্টগ্রাম অঞ্চলের সেনা ও বিমান বাহিনীর আঞ্চলিক অধিনায়করাসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, দেশি-বিদেশি কূটনীতিক, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নৌকমান্ডো এবং শিক্ষা সমাপনী ব্যাচের ডাইরেক্ট এন্ট্রি অফিসার ও মিডশিপম্যানদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক