এটিএম কার্ড জালিয়াতি: ১১ প্রতারক রিমান্ডে
এটিএম বা ডেবিট কার্ড জালিয়াতি করে প্রতারনার দায়ে ১১ ব্যাক্তিকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম এ আদেশ দেন। ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে বাড্ডা থানার পরিদর্শক কাজী আবুল কালাম আসামিদের হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
রিমান্ডকৃতরা হলেন—জালাল হোসেন সুমন (২৭), শাহ আজিজ সোহেল (৩৬), নুরে আলম (৪৫), মো. রানা (২৪), জহিরুল ইসলাম (৩৭), লুৎফর রহমান সুজন (৪২), মো. পারভেজ (২৩), মো. ওয়াহেদ (২০), আবদুল আলী (৪০), জাহাঙ্গীর হোসেন (৪৫) ও কামরুজ্জামান সুমন (৩০)।
গত বুধবার দুপুর ১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুফতি মাহমুদ বলেন,গত ১০ মার্চ জান্নাতুল ফেরদৌস নামের এক ব্যক্তি র্যাব-১০-এর কাছে একটি অভিযোগ দায়ের করেন।
সেই অভিযোগে তিনি বলেন, একটি সংঘবদ্ধ চক্র কার্ড (এটিএম/ডেবিট) জালিয়াতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
এমন অভিযোগের ভিত্তিতে র্যাব-১০ গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং তথ্য সংগ্রহ করে। এর পর গত মঙ্গলবার দুপুর ২টা থেকে অভিযান শুরু করে বুধবার বেলা ১১টায় শেষ করা হয়। এসব অভিযানে এই চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার হওয়া শাহ আজিজ সোহেল এই জালিয়াতি চক্রের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ। তিনি দীর্ঘদিন দুবাইতে ছিলেন। সেখানে এরইন নামে একজন বিদেশির কাছ থেকে তিনি এই জালিয়াতির বিষয়ে শিখেছেন। এর পর দেশে ফিরে এসে তিনি কার্ড জালিয়াতির কাজ শুরু করেছেন।

আদালত প্রতিবেদক