খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
জয়পুরহাটের ক্ষেতলালের পল্লীতে সদ্য খনন করা একটি পুকুরের পানিতে ডুবে দুই মেয়েশিশুর অকালমৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে জেলার ক্ষেতলাল উপজেলার আমিড়া-মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত শিশুরা হলো ওই গ্রামের মিলন হোসেনের মেয়ে মিনহা আখতার (২) ও একই গ্রামের মসজিদের ইমাম মাওলানা ইউছুফ আলীর মেয়ে বুশরা আখতার (৪)। একই গ্রামে পাশাপাশি বাড়ির দুই শিশুর এমন করুণ মৃত্যুতে তাদের মা-বাবারা এখন পাগলপ্রায়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ক্ষেতলালের আমিড়া-মণ্ডলপাড়া গ্রামের মিলন হোসেনের মেয়ে মিনহা আখতার (২) ও গ্রামের মসজিদের ইমাম মওলানা ইউছুফ আলীর মেয়ে বুশরা আখতার (৩) আজ বিকেল ৪টার দিকে খেলতে গিয়ে সবার অগোচরে মসজিদের পাশে সদ্য খনন করা পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে গ্রামের লোকজন ওই পুকুরের পানিতে মিনহা আখতারকে ভাসতে দেখে সংজ্ঞাহীন অবস্থায় প্রথমে তাকে এবং পরে পুকুরটিতে মাছ ধরার জাল নামিয়ে ডুবন্ত অপর শিশু বুশরাকে উদ্ধার করে স্থানীয়রা। এরপর তাদের দ্রুত আক্কেলপুর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয় মামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান জানান, শিশু দুটি বাড়ির পাশে খেলতে গিয়ে মসজিদের পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়। পরে শিশুদের উদ্ধার করে আক্কেলপুর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত্যু নিশ্চিত করেছেন।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট