দিনাজপুরে দুর্বৃত্তদের হামলায় ৪ পুলিশ আহত
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের হামলায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ উজ্জামান আশরাফসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের দক্ষিণ বোয়ালমারী গ্রামে করতোয়া নদীর তীরে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দিনাজপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান রয়েছেন। অন্য দুজনের নাম জানা যায়নি।
আহত পুলিশ সদস্যদের দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের খোঁজ নিতে যান জেলা পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম।
দিনাজপুর পুলিশের বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হাফিজুর জানান, সোমবার রাতে জুয়া খেলার আসরে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় পুলিশের ওপর হামলা চালায় জুয়াড়িরা। হামলায় এএসপি মাহফুজ উজ্জামান আশরাফ ও ওসি মনিরুজ্জামানসহ চার পুলিশ সদস্য আহত হন।

ফারুক হোসেন, দিনাজপুর