বোনকে বিয়ে করায় বন্ধুকে ছুরি মেরে খুন!
রাজশাহী মহানগরীতে প্রকাশ্যে ছুরি মেরে বিপ্লব হোসেন (২৮) নামে এক যুবককে খুন করার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর কাজলা কেডি ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিপ্লব নগরীর মতিহার থানার কাজলা এলাকার এরশাদ আলীর ছেলে। এ ঘটনার সন্দেহভাজন একই এলাকার রনি পলাতক। রনি সম্পর্কে বিপ্লব হোসেনের শ্যালক।
প্রতিবেশীদের বরাত দিয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, একসময় রনি ও বিপ্লব বন্ধু ছিলেন। প্রায় আট বছর আগে বিপ্লব ভালোবেসে রনির ছোট বোন লিজা খাতুনকে বিয়ে করেন। কিন্তু এই বিয়ে মেনে নেননি রনি। এ নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল।
আজ বিকেলে বিপ্লবের বাড়ির সামনেই রনি তাঁকে ছুরিকাঘাত করেন। এতে মাটিতে লুটিয়ে পড়েন বিপ্লব। এরপর রনি পালিয়ে গেলে স্থানীয়রা বিপ্লবকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। বিপ্লবের মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। রনিকে আটকের চেষ্টা চলছে।

শ. ম সাজু, রাজশাহী