গাবতলীতে নিহত শ্রমিকের ময়নাতদন্ত সম্পন্ন
রাজধানীর গাবতলীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত শ্রমিক শাহীনুর প্রধান ওরফে শাহ আলমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ ময়নাতদন্ত সম্পন্ন করেন।
ডা. সোহেল মাহমুদ বলেন, বন্দুকের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর ফুসফুস এবং হৃৎপিণ্ডে গুলির আঘাত লেগেছে। এ ছাড়া তাঁর বুকে ও পেটে শটগানের গুলির চিহ্ন আছে।
এর আগে গতকাল বুধবার ধর্মঘট চলাকালে গাবতলীতে দফায় দফায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একটি টেলিভিশন চ্যানেলের গাড়ি ছাড়াও কিছু যানবাহন ভাঙচুর করা হয়। শ্রমিকরা একটি পুলিশ বক্স ও রেকারেও আগুন দেন। তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন। পাল্টা ব্যবস্থা হিসেবে পুলিশও টিয়ার শেল নিক্ষেপ ও শ্রমিকদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শাহ আলম গুরুতর আহত হন।
নিহত শ্রমিকের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেন দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) মহেশ চন্দ্র সিংহ।
এসআই মহেশ জানান, ঢামেকে নিহতের স্বজনরা না আসায় তাঁর লাশ থানায় নিয়ে যাওয়া হয়েছে। থানা থেকে স্বজনদের কাছে লাশ দেওয়া হবে বলে তিনি জানান।

নিজস্ব সংবাদদাতা